পরশুরামে বেড়িবাঁধের ব্লক বিক্রির অভিযোগে আটক ৩
ফেনীর পরশুরামের কহুয়া নদীর বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য নির্মিত ব্লক নদীতে না ফেলে বিক্রির অভিযোগে গতকাল সোমবার দুপুরে পরশুরাম থানার পুলিশ আলী মর্তুজা নামের একজন উপঠিকাদারসহ দুই শ্রমিককে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কহুয়া নদীর বেড়িবাঁধ ভাঙনের কবল থেকে রক্ষার জন্য নির্মিত ব্লক থেকে স্থানীয় উপঠিকাদার (সাব-কন্ট্রাক্টর) আলী মর্তুজা গত কয়েক দিনে তিন শতাধিক ব্লক স্থানীয় লোকজনের কাছে অবৈধভাবে বিক্রি করে দেন। গতকাল স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের বিষয়টি পরশুরাম থানার পুলিশকে জানান। পুলিশ বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের আবুল কাশেম, বাহার মিয়া, খলিলুর রহমান ও সফিকুর রহমানের বাড়ি থেকে প্রায় ২০০ ব্লক উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ঠিকাদার আলী মর্তুজা (৫০), ব্লক নির্মাণকারী শ্রমিক শাহজাহান (৩০) ও মো. রুপনকে (২৮) আটক করে থানায় নিয়ে যায়।বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাদের জানান, কহুয়া নদীর সাতকুচিয়া গ্রাম বেড়িবাঁধের ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য এসব ব্লক নির্মাণ করা হয়েছিল। কিন্তু ঠিকাদার কিছু ব্লক নদীতে না ফেলে গোপনে সাতকুচিয়া গ্রামে রেখে দেন। কয়েক দিন থেকে ব্লক নির্মাণকারী ঠিকাদার আলী মর্তুজা ৪০০ থেকে ৫০০ ব্লক অবৈধভাবে গোপনে বিক্রি করে দেন। বিষয়টি তিনি ফেনীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোত্তালেবকে জানিয়েছিলেন। কিন্তু এতে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তিনি পুলিশকে জানান।ব্লক নির্মাণকারী ঠিকাদার আলী মর্তুজা গতকাল পরশুরাম থানা হেফাজতে আটক অবস্থায় এ প্রতিবেদকে জানান, কহুয়া নদীতে ফেলার জন্য গত বছর ব্লকগুলো নির্মাণ করা হয়েছিল। ফেনীর ঠিকাদার মেসার্স ছালেহ আহম্মদের স্বত্বাধিকারী ছালেহ আহম্মদের কাছ থেকে তিনি সাব-কন্ট্রাক্টে কাজ নিয়ে ব্লক নির্মাণ করেছিলেন। তবে ৬০০ ব্লক কোনো কাজে না লাগায় শ্রমিক দিয়ে অন্য জায়গায় সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকেরা তাঁর অজান্তে ব্লকগুলো লোকজনের কাছে বিক্রি করে দিয়েছে। ব্লক নির্মাণকারী শ্রমিক শাহজাহান (৩০) থানা হেফাজতে আটক অবস্থায় পুলিশকে বলেন, ঠিকাদার আলী মর্তুজা নিজেই স্থানীয় লোকজনের কাছে ব্লকগুলো বিক্রি করে দিয়ে শ্রমিকদের সেখানে পৌঁছে দিতে বলেছিলেন।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস ব্লক বিক্রির অভিযোগে তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ফেনীর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোত্তালেব বলেন, ‘গত অর্থবছরের ১৩৯ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় ব্লকও নির্মাণ করা হয়েছিল। তার মধ্যে কিছু ব্লক থেকে যায়। ওই সব ব্লক নিয়ে গতকাল কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি।’