পরশুরামে মন্দির কমিটির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর
জমি নিয়ে বিরোধের জের ধরে পরশুরাম উপজেলার শ্রীশ্রী মা মাতঙ্গী মন্দির কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিপক্ষের লোকজন ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল শুক্রবার ভোরে পরশুরাম বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেপাল চন্দ্র সাহা বাদী হয়ে পরশুরাম থানায় মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, ভোর ছয়টার দিকে পৌর এলাকার অনন্তপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন লোক পরশুরাম বাজারে ওই মন্দিরসংলগ্ন নেপাল সাহার বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা বসতঘর ও দোকানের গুদাম থেকে দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় উপজেলার ছয়টি মন্দির কমিটির নেতারা ওই মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করে।মো. ইউনুছ মিয়া দাবি করেন, ওই জায়গার প্রকৃত মালিক তিনি। দীর্ঘদিন ধরে জায়গাটি নেপাল চন্দ্র দখল করে রেখেছেন। ওই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল সকালে লোকজন নিয়ে তাঁর জায়গায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা সরিয়ে ফেলার চেষ্টা করেছেন তিনি। পরশুরাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, জমি নিয়ে বিরো জের ধরে ইউনুছ মিয়ার লোকজন নেপাল সাহার কিছু স্থাপনা ভাঙচুর করেছে।