পরশুরামে লোডশেডিং প্রতিবাদে অবরোধ
ফেনীর পরশুরামে অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল রোববার সকালে এলাকাবাসী দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। ফলে ফেনী-বিলোনিয়া স্থলবন্দর সড়কে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অভিযোগ করেছেন, দিন-রাতে দুই থেকে তিন ঘণ্টার বেশি তাঁরা বিদ্যুৎ পান না। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকাল ১০টার দিকে পরশুরাম পল্লী বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেয়। বেলা ১১টার দিকে পরশুরাম বাজারের শত শত ব্যবসায়ী তাঁদের দোকানপাট বন্ধ করে ফেনী-বিলোনিয়া সড়কের পরশুরাম সোনালী ব্যাংকের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী সাইদুল ইসলাম দুপুরে পরশুরাম গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমঞ্চদ খানের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস, ব্যবসায়ী নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছিন শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আলাপ-আলোচনার পর এলাকাবাসী জানতে পারেন, ফেনী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক লোডশেডিংয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়েছেন। তখন উত্তেজিত জনতা ইউএনও অফিস ঘেরাও করে স্লোগান দিতে শুরু করে। বিকেল চারটার দিকে জিএম সাইদুল ইসলাম পরশুরামে প্রতিদিন দিন-রাত মিলিয়ে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।