ফেনীর পরশুরাম উপজেলার মধুগ্রাম থেকে গতকাল রোববার পারভিন আক্তার (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করা হয়েছে।পারভিনের মা নূর নাহার বেগম জানান, গত শনিবার সন্ধ্যায় তিনি তেল আনার জন্য পারভিনকে বাড়ির পাশের দোকানে পাঠান। কিন্তু দীর্ঘক্ষণ সে বাড়ি ফিরে না আসায় তাঁরা তাকে খোঁজাখুঁজি করেন। পরে রাত ১০টার দিকে একই গ্রামের একটি নবনির্মিত বাড়ির দরজার সামনে পারভিনের লাশ পাওয়া যায়। তাঁর অভিযোগ, দোকানে যাওয়ার পথে বখাটেরা তাকে ওই বাড়িতে নিয়ে ধর্ষণের পর গলায় সালোয়ার পেঁচিয়ে হত্যা করে।রাত সাড়ে ১০টার দিকে পারভিনের ভাইসহ আরও কয়েক ব্যক্তি পারভিনের চিকিৎসার জন্য মির্জানগর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা সহকারী ইকতিয়ার উদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে যান। ইকতিয়ার উদ্দিন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছেন।পারভিনের বড় ভাই ইলিয়াছ জানান, পারভিনের সালোয়ার ছেঁড়া ছিল এবং তা তার গলায় পেঁচানো ছিল। তিনি জানান, রাতেই বিষয়টি পরশুরাম থানায় জানানো হয়।নবনির্মিত বাড়িটির মালিকের ছেলে মো. মামুন (১৮) বাড়িটিতে একা থাকেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর চাচাতো ভাই মো. হোসেনকে (২০) আটক করে।