পরশুরামে সাত বছর ধরে পরিত্যক্ত ২৫ হাজার ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় ভাঙনের কবল থেকে মুহুরী নদীর বেড়িবাঁধ রক্ষার জন্য তৈরি ২৫ হাজার ব্লক সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্লকগুলো বেড়িবাঁধে স্থাপনের জন্য পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।এলাকাবাসীর অভিযোগ, পুকুরঘাট, রাস্তাসহ বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য প্রায় দু-তিন হাজার ব্লক সরিয়ে নিয়েছে লোকজন। এদিকে মুহুরী নদীর অব্যাহত ভাঙনের ফলে উপজেলার নিজ কালিকাপুর ও ফকিরের খিল গ্রামের প্রায় ১১০ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে ওই ব্লকগুলো বেড়িবাঁধে স্থাপনের জন্য পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করেও লাভ হয়নি।উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুহুরী নদীর পশ্চিম অংশে নিজ কালিকাপুর ও ফকিরের খিল গ্রামে বসবাসকারী প্রায় ২০০ পরিবারকে ভাঙনের কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ২০০৫ সালে আট কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান শওকত ট্রেডার্সকে। এরপর ফকিরের খিল গ্রামে নদীর পাশে ২৫ হাজার ব্লক তৈরি করা হয়। ২০০৫ সালের এপ্রিলে ব্লক তৈরির কাজ শেষ হয়। প্রতিটি ব্লক তৈরিতে ৫০০ টাকা পর্যন্ত খরচ পড়ে এবং এতে মোট ব্যয় হয় এক কোটি ২৫ লাখ টাকা।শওকত ট্রেডার্সের কাছ থেকে ‘সাব-কন্ট্রাক্টে’ পুরো কাজের দায়িত্ব নেন বেলাল হোসেন। তিনি বলেন, ‘একটি প্রকল্পের অংশ হিসেবে ২৫ হাজার ব্লক তৈরির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। তৈরির পর ব্লকগুলো নদীর বেড়িবাঁধে ফেলা হয়েছে কি না, আমার জানার কথা নয়।’ব্লক তৈরিতে শ্রমিক হিসেবে কাজ করেন মো. শাহজাহান। তিনি বলেন, ২৫ হাজার ব্লক তৈরির পর তাঁরা কয়েক মাস সেগুলো দেখাশোনা করেছিলেন। এর পর থেকে সেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে।পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমেদ খান বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ব্লকগুলো কাজে লাগানোর জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যাহ প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত হলেও ব্লকগুলোর গুণগত মান এখনো অটুট রয়েছে। জরুরি প্রয়োজন হলে মুহুরী নদীর বেড়িবাঁধে ওই ব্লকগুলো স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।