পরশুরামে স্কুলছাত্রকে পিটিয়ে জখম পুকুরে দুই শ ডুব
ফেনীর পরশুরামে বখাটেরা এক স্কুলছাত্রকে লোহার রড দিয়ে পেটানোর পর গুরুতর আহত অবস্থায় দুই শবার পুকুরে ডুব দিতে বাধ্য করে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুলছাত্রকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরশুরাম পৌর এলাকার বাউরপাথর গ্রামে এমাম হোসেনের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. মিজানুর রহমান গত শুক্রবার বিকেলে গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় বিদ্যালয়ের একটি কক্ষে তাস খেলছিল স্থানীয় বাউরপাথর গ্রামের কয়েকজন বখাটে যুবক। মিজান ও অন্য ছেলেরা জানালা দিয়ে ওই কক্ষে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে যুবকেরা তাদের তাড়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বখাটেরা মিজানকে ধরে ফেলে। তাঁকে লোহার রড দিয়ে দুই হাতের কবজি থেঁতলে দেয়। এরপর বখাটেরা মাঠের পাশের একটি পুকুরে মিজানকে দুই শ বার ডুব দিতে বাধ্য করে। এরপর গলা পর্যন্ত পানিতে দাঁড় করিয়ে রাখে। খবর পেয়ে মিজানের মা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, ‘স্কুলছাত্র মিজানকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানতে পেরেছি। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।’