পরশুরামে স্কুলছাত্রীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় তৃতীয় শ্রেণীর ছাত্রী পারভীন আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার উপজেলার সুবার বাজারে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।দুপুর ১২টার দিকে স্থানীয় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল নিয়ে সুবার বাজারে এসে মানববন্ধনে অংশ নেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ কর্মসূচিতে যোগ দেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পরশুরাম পৌরসভার মেয়র নিজামউদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহেদা আলম, পরশুরাম প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী, মির্জানগর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। বক্তারা পারভীন আক্তারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।গত ২৫ জুন রাতে উপজেলার মধুগ্রামে পারভীন আক্তারকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা।