পরশুরামে স্বামী-স্ত্রীর সালিসকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর সালিসকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হামলার সময় দুটি দোকান ভাঙচুর ও তিনটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মালিপাথর গ্রামের আবদুল জলিল গত শুক্রবার তাঁর স্ত্রী জাহেদা খানমকে মারধর করেন। এ নিয়ে গত শনিবার রাত ১০টার দিকে মালিপাথর গ্রামে এক সালিস বৈঠক করার কথা হয়। সালিসে জাহেদার নানার বাড়ি পাশের ফুলগাজী উপজেলার নীলক্ষী গ্রামের লোকজন গিয়ে উপস্থিত হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মালিপাথর গ্রামের লোকজন নীলক্ষী গ্রামের লোকজনকে মারধরের চেষ্টা করে। স্থানীয় ইউপির সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু স্ত্রীর পক্ষের আত্মীয়স্বজন এটা মেনে নিতে পারেনি। তারা আবার সংগঠিত হয়ে রাত ১২টার দিকে মালিপাথর গ্রামে গিয়ে হামালা চালিয়ে মো. মোস্তফা ও ইব্রাহিম হোসেনের চা-দোকানে এবং তিনটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে।