পরশুরামে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত
ফেনীর পরশুরামে গতকাল রোববার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক সাদিয়া শারমিন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সাইফ উদ্দিন আহাম্মদ। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতাল থেকে রোগী দেখে প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে মোটরসাইকেলযোগে চিকিৎসক দম্পতি বাড়ি ফিরছিলেন। ফেনী-পরশুরাম সড়কের সলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গেলে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাদিয়া শারমিন মারা যান।সাদিয়া শারমিন পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তাঁর স্বামীও সেখানে কর্মরত। তাঁরা দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ছিলেন। তাঁদের সোহেল আফসিন নামে দেড় বছরের এক কন্যাসন্তান রয়েছে।