পরশুরামের ইউএনওকে মারধরের মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হায়দারকে মারধরের ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। ২৮ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

১৪ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সেদিন অভিযোগপত্রে নাম থাকা আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। ফলে ওই দিন মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানি হয়নি।

ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক রাজেশ চৌধুরী আজ ওই অব্যাহতির আবেদন নামঞ্জুর করে মামলার অভিযোগ গঠন করেন এবং ২৮ জুন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ সময় জামিনে থাকা অভিযোগপত্রভুক্ত আটজন আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৬ মে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী এই মামলার আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

৬ মে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে ‘অপমান’ করায় ইউএনও রকিব হায়দারকে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে খায়রুল বাসার মজুমদার, জসিম উদ্দিনসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

আরও পড়ুন: