পরস্পর আস্থা বাড়ানোয় গুরুত্ব জন কেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিতে দুই দেশের মধ্যে আস্থার মাত্রা বাড়ানোর ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কী পদক্ষেপ নিলে দুই দেশের সম্পর্কে আস্থা বাড়বে, গত সোমবার ঢাকা সফরের সময় তিনি বাংলাদেশের কাছে জানতে চেয়েছেন। জন কেরিকে তখন প্রস্তাব দেওয়া হয়, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি এ এম রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হোক। বাংলাদেশ বলেছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেওয়া ওই খুনিকে ফিরিয়ে দিলে তা দুই দেশের সম্পর্কের গতিপথ পাল্টে দেবে।
গত সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় উপস্থিত কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলোকে এই তথ্য জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজকালীন ওই আলোচনায় দুই পররাষ্ট্রমন্ত্রী আস্থা বাড়ানোর বিষয়ে কথা বলেন। ওই আলোচনায় অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। আলোচনায় বসার আগে মাহমুদ আলী ও জন কেরি একান্তে ১০ মিনিট কথা বলেন।
গত সোমবার প্রথমবার ঢাকায় এসে জন কেরি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম ওই জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন।
সাবেক ও বর্তমান কূটনীতিকেরা মনে করেন, জন কেরির বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে স্পষ্ট হয়েছে, একাত্তর নিয়ে দুই দেশের সম্পর্কে যে আস্থার সংকট আছে, সেটি কাটানোর ওপর ওয়াশিংটন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে যে আস্থার সংকট কাটানোর বিষয়ে আলোচনা হবে, সেটি ২৪ আগস্ট ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গণমাধ্যমকে জানিয়েছিলেন। মার্শা বার্নিকাট বলেছিলেন, তিনি সব সময় যোগাযোগে বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্র দখলে বিশ্বাস করে না। কাজেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ দখল করতে যাবে কেন?
একসঙ্গে সন্ত্রাস দমন: জন কেরি তাঁর ঢাকা সফরে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ গুরুত্ব দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আগে তিনি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ঘণ্টা খানেক আলোচনা করেন। ওই আলোচনা শেষে শেখ হাসিনা ও মাহমুদ আলীর সঙ্গে ১৫ মিনিট আলাদাভাবে কথা বলেন কেরি।
আলোচনায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার শুরুতেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের প্রসঙ্গ টানেন জন কেরি। ওই জাদুঘরে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান। প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের হারানোর দুঃসহ যন্ত্রণা বইছেন, সে ব্যাপারেও কেরি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ টানেন। এ সময় জন কেরি তাঁকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি গত রোববার জেনেছেন। তবে বাংলাদেশের অনুরোধের বিষয়টি যুক্তরাষ্ট্র যে বিবেচনা করছে, সেটিও তিনি উল্লেখ করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের অগ্রযাত্রা, প্রধানমন্ত্রীর নেতৃত্ব—এসব বিষয়ে প্রশংসার পর শেখ হাসিনার কাছে জন কেরি জানতে চান, কোন বিষয়টি এ মুহূর্তে তাঁকে চিন্তিত করে তুলেছে। এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ দমনের কথা উল্লেখ করেন। এভাবেই তাঁদের আলোচনায় সন্ত্রাসবাদের প্রসঙ্গটি উঠে আসে। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের পাশে থেকে কাজ করতে আগ্রহী, সেটি উল্লেখ করেন জন কেরি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতার কথা তুললে জন কেরি জানান, এ ব্যাপারে তাঁর দেশ বাংলাদেশকে সহযোগিতা করতে তৈরি আছে।
সোমবার দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে জন কেরি এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান, সন্ত্রাসবাদ দমনে দুই দেশ বাড়তি পদক্ষেপ নিতে রাজি হয়েছে, যাতে করে দুই দেশের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করতে পারে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এক সরকারি কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় জন কেরি সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার প্রস্তাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র যেহেতু প্রযুক্তিগত উন্নত একটি দেশ, তাই সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে তারা আমাদের তথ্যগত সহায়তা প্রদান করতে পারে।’ সারা বিশ্বের জঙ্গিদের ব্যাপারে তারা নানাভাবে তথ্য সংগ্রহ করছে। তাদের কাছে এ নিয়ে বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু তথ্য আসে। কাজেই বাংলাদেশে যেসব জঙ্গি ধরা পড়ছে, তাদের জিজ্ঞাসাবাদের সময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) যুক্ত হতে চায়। এটি হলে বৈশ্বিক সন্ত্রাসবাদের একটি সামগ্রিক চিত্র উঠে আসবে। তবে এ ব্যাপারে রাজি নয় বাংলাদেশ। কাজেই কেরির ঢাকা সফরে সন্ত্রাসবাদ দমনে বাড়তি পদক্ষেপ নিয়ে দুই দেশের মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের নিরাপত্তা সংলাপে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
জিএসপি নয়, শুল্ক ও কোটামুক্ত সুবিধা: জন কেরির সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানান। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জানে যে যুক্তরাষ্ট্র জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) দেবে না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কিছুটা বিস্ময় প্রকাশ করে জন কেরি বলেন, বিষয়টি তাঁরা দেখছেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে বলেন, বাংলাদেশ জিএসপি চায় না। স্বল্পোন্নত দেশ হিসেবে আফ্রিকার দেশগুলোকে যেভাবে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়া হচ্ছে, সেটি চায়।
বাংলাদেশের শ্রম অধিকার ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন থাকায় ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন বাণিজ্য দপ্তরের কর্মপরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরও বাংলাদেশের জিএসপি ফিরিয়ে দেওয়া হয়নি।