নাটোরে আরটিভির সাংবাদিক তোফাজ্জল হোসেনকে হত্যাচেষ্টার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে। গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে দল দুটির নেতা-কর্মীরা এই অভিযোগ করেন। উভয় দল দাবি করছে, ককটেল বিস্ফোরণে ওই সাংবাদিক আহত হয়েছেন। তবে চিকিৎসকদের দাবি, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
গত সোমবার নাটোর শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে আরটিভির নাটোর জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক দাবি করেন, সোমবার দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তোফাজ্জল হোসেনকে ককটেল ছুড়ে ও লাঠিপেটা করে হত্যার চেষ্টা করেছেন। তবে সন্ধ্যার পর সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে জেলা আওয়ামী লীগ ওই অভিযোগ অসত্য বলে দাবি করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিএনপির ক্যাডাররা ককটেল ছুড়ে তোফাজ্জলকে হত্যার চেষ্টা করেছে। ঘটনার পর তাঁর দলের পক্ষ থেকে আহত সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আবুবকর সিদ্দিক বলেন, পরীক্ষা-নীরিক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তোফাজ্জলের শরীরের আঘাতটি ধারালো অস্ত্রের।