উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয় ও শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা পরস্পরকে দুষলেন। রাঙামাটি সরকারি কলেজে গতকাল সোমবার শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এ দোষারোপ করা হয়েছে। কলেজে গত তিন বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ক্রমাবনতির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে। বেলা ১১টায় হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে অনুপস্থিতি ও পড়াশোনায় অমনোযোগিতা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ। এ ছাড়া রাজনৈতিক ও প্রশাসনিক চাপে এসএসসি পরীক্ষায় কম জিপিএ পাওয়া ছাত্রছাত্রী ভর্তি, ছাত্ররাজনীতি, অভিভাবকদের অসচেতনতা, কলেজ ক্যাম্পাসের জঙ্গলে মদ-জুয়ার আসর বসানোসহ নেশাখোরদের আড্ডা এবং কিছু শিক্ষার্থীর সেসবে অংশ নেওয়ার কারণে শিক্ষার মান নষ্ট হচ্ছে বলে অধ্যক্ষসহ শিক্ষকেরা অভিমত ব্যক্ত করেন। শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষ সিরাজুল ইসলাম রাজনৈতিক ও প্রশাসনিক চাপবিহীন ভর্তি-প্রক্রিয়া অনুসরণ, যোগ্য শিক্ষার্থী ভর্তি, একাদশ শ্রেণীতে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে ভর্তির অযোগ্য ঘোষণা, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ করাসহ আটটি সুপারিশ তুলে ধরেন।অন্যদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ না থাকা, শিক্ষকসংকট, কোন্দলের কারণে অনেক শিক্ষককে একসঙ্গে বদলি, কলেজের অবকাঠামো, পরিবহনসহ নানা সমস্যা তুলে ধরা হয়।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. মফিজ আহমেদ, অভিভাবক সত্যবীর দেওয়ান, অরুণ রায়, সাংবাদিক হরি কিশোর চাকমা, মো. সোলায়মান, ছাত্রনেতা মো. কুতব উদ্দিন, রনো চাকমা প্রমুখ।উল্লেখ্য, এ বছর উচ্চমাধ্যমিকে রাঙামাটিতে পাসের হার ছিল ৪৭ শতাংশ। আর এ বছর সারা দেশে গড় পাসের হার ছিল ৭২ দশমিক ৩৬ শতাংশ।পাহাড়ি ছাত্র পরিষদের সভা বর্জনএদিকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সভাপতি শাহ ইমরানকে মতবিনিময় সভায় অনির্ধারিতভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় এর প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা মতবিনিময় সভা বর্জন করেন। পাহাড়ি ছাত্র পরিষদ কলেজ শাখার সভাপতি রনো চাকমা প্রথম আলোকে বলেন, ‘মতবিনিময় সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে কে বক্তব্য দেবেন, তা নির্ধারিত ছিল। কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি শাহ ইমরান হঠাৎ এসে কীভাবে বক্তব্য দিলেন?’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বক্তা নির্ধারিত থাকার কথা স্বীকার করে বলেন, ‘ইমরান তো সরকারি দলের ছাত্রসংগঠনের জেলা সভাপতি। ইমরান চেয়েছে বলে সুযোগ দেওয়া হয়েছে। আর তাকে বক্তব্য না দেওয়ার ব্যাপারে কেউ এসে বললে আমরা বাদ দিতাম।’এ ব্যাপারে শাহ ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।