পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনার বাংলা’ বাস সার্ভিসসহ বিভিন্ন সার্ভিস থেকে কতিপয় শ্রমিকনেতার চাঁদাবাজি ও পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে ১০ জুন বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
এদিকে পরস্পরকে দোষারোপ করে জেলা বাস-কোচমালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একাংশের নেতারা পৃথক সংবাদ সম্মেলন করেছেন।
গত বৃহস্পতিবার রাতে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নবীনগর অস্থায়ী বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি মো. হামিদুর রহমান প্রমুখ।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বাস-কোচমালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমিতির তালিকায় বাস অন্তর্ভুক্ত করার কথা বলে এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত চাঁদা নিয়ে থাকেন। তাঁরা দিনের পর দিন পরিবহন খাতে চাঁদাবাজি, নৈরাজ্য, অরাজকতা ও নাশকতা সৃষ্টি করে চলেছেন। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে বাস ধর্মঘট ডেকে জনদুর্ভোগ বাড়িয়েছেন।
অপরদিকে গতকাল শুক্রবার বিকেলে জেলা বাস-কোচমালিক সমিতির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কমল।
লিখিত বক্তব্যে গোলাম মোস্তফার অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, মালিক সমিতির তালিকায় বাস অন্তর্ভুক্ত করার জন্য তাঁরা নিয়ম অনুযায়ী ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ফি নিয়ে থাকেন। এই টাকা সমিতির ব্যাংক হিসাবে জমা করা হয় এবং নির্ধারিত খাতে ব্যয় হয়।