পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি জায়গায় করা দোকানঘর দখল করে ছাত্রলীগের সাইনবোর্ড ঝোলানো এবং পরে বঙ্গবন্ধুর ছবি ছেঁড়া নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে সাতজনকে আসামি করে মামলাও হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আদালত একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে অন্যদের জামিন দিয়েছেন।
সংশ্লিষ্ট দোকানমালিক, বণিক সমিতির নেতা ও স্থানীয় ব্যক্তিরা জানান, সাইকেল মেকার হকিকুল ইসলাম (৪৮) প্রায় ২৭ বছর ধরে বোদা-আটোয়ারী সড়কের পাশে লীলার মেলা নামক স্থানে সাইকেল মেরামতের কাজ করে আসছে। ইউনিয়ন পরিষদের জায়গায় ১৯৮৮ সাল থেকে তিনি এই দোকানটি করছেন। চোখের অসুখের কারণে মাঝে কিছুদিন দোকানটি বন্ধ ছিল। কয়েক দিন আগে দোকনঘরটি মেরামত করেন। মেরামতের পাঁচ-ছয় দিন পর বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা দোকানঘরটির সামনে সংগঠনের সাইনবোর্ড টাঙিয়ে দেন। ভেতরে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন। স্থানীয় লোকজন গত মঙ্গলবার ওই তালা ভেঙে দিলে হকিকুল ইসলাম তাঁর দোকানঘরে ঢোকেন। ওই দিন দুপুর ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এসে দোকানঘরে ঢুকে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেন। পরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম বাদী হয়ে বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে হকিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ ওই দিনই হকিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার অন্যরা হলেন হকিকুল ইসলামের স্ত্রী সুলতানা বেগম, তাঁর ছোট ভাই আবদুল মোতালেব (৩৫) ও তাঁর স্ত্রী রাজিয়া বেগম। মোতালেবের তিন বছরের ছেলে রাহাত হাসান মায়ের সঙ্গেই ছিল। গতকাল পুলিশ তাঁদের আদালতে পাঠালে ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম তারিকুল কবীর আসামি আবদুল মোতালেবকে কারাগারে পাঠান। অন্যদের জামিন দেন।
বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘শুনেছি দোকানমালিকই ছবি ছিঁড়েছে।’
তবে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মতিয়ার রহমান বলেন, ‘ঘটনার সময় পাশের দোকানেই বসে ছিলাম। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এসে হকিকুলের দোকানে ঢুকে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়তে শুরু করে। এই অবমাননা মেনে নেওয়া যায় না।’
গতকাল বুধবার বিকেলে হকিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার এলাকার লোকজন তালা খুলে দিলে আমি আমার দোকানে ঢুকি। দুপুরের দিকে ছাত্রলীগের নেতারা এসে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলে। পরে তারা আমার নামে মামলা করে। পুলিশ আমাদের থানায় নিয়ে আসে। আমার ভাইয়ের ছেলেটি রাতে কান্নকাটি করেছে।’
স্থানীয় সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছি।’
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘরটা পড়েই ছিল। এক মাস আগে আমরা সাইনবোর্ড তুলেছি।’ তিনি বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। তবে শুনেছি হকিকুল ইসলাম ও তার পরিবার মিলে বঙ্গবন্ধুর ছবি অবমাননা করেছে।’
লীলার মেলা বণিক সমিতির সভাপতি হবিবর রহমানসহ স্থানীয় দোকানদারেরা জানান, হকিকুল দোকান খুললে দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী দোকানে যান। তাঁদের একজন বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, সাতজনের নামে মামলা হয়েছে। চারজনকে দোকান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তখন অন্য কেউ ছিল না। ছবি অবমাননার আলামত ছিল।