পরস্পরের প্রস্তাব পর্যালোচনা করবে আ.লীগ-বিএনপি
চলমান রাজনৈতিক সংকট নিরসনে পরস্পরকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের তৃতীয় দফা বৈঠকে আজ শুক্রবার এসব প্রস্তাব দেওয়া হয় বলে উভয় পক্ষ জানিয়েছে। তবে কী কী প্রস্তাব দেওয়া হয়েছে তা জানানো হয়নি।
প্রস্তাবগুলো নিয়ে নিজ নিজ দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে দুই দল আবার আলোচনায় বসবে।
আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের মধ্যে তৃতীয় বৈঠকটি আজ অনুষ্ঠিত হয় গুলশান-২-এ ইউএনডিপির একটি প্রকল্প কার্যালয়ে। বিকেল সোয়া চারটায় বৈঠক শুরু হয়ে ছয়টার দিকে তা শেষ হয়।
বৈঠক শেষে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব নিয়ে দুই দলই তাদের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবে। তারপর আওয়ামী লীগ তাদের নিজেদের কৌশল ঠিক করবে। তবে প্রস্তাবের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা তিন দিন ধরে সরকার ও আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছি। আলোচনা হয়েছে। সবার অংশগ্রহণে একটি নির্বাচনের জন্য আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি। তাঁরাও কিছু প্রস্তাব দিয়েছেন। দলের নীতিনির্ধারণী ফোরামে বসে এসব নিয়ে আলোচনা করব আমরা। তাঁরাও তাঁদের নীতিনির্ধারণী ফোরামে বসে আলোচনা করবেন। অতি শিগগির এ ব্যাপারে আলোচনা হবে।’ ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, এ প্রশ্নে কোনো জবাব দেননি মির্জা ফখরুল।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্বে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, অন্যদের মধ্যে ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে গুলশান এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক দুটিতে মধ্যস্থতা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। আজকের বৈঠকটিতে মধ্যস্থতা করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার।