রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিইউবিটির শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা চলার সময় সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরু সূত্রধরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় ইনডোর স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ জন্য তাঁরা পরস্পরকে দায়ী করেছেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল বিকেল চারটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিইউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা শুরু হয়। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক সারিতে ছিলেন। তাঁদের মধ্যে বিইউবিটির শিক্ষার্থীরা বেশি ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ আনেন পরস্পরের বিরুদ্ধে। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা ইনডোর স্টেডিয়ামে। দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর করা হয়। একপর্যায়ে তা বাইরে ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণের শিকার হন। এতে জগন্নাথের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিরু সূত্রধরসহ (২২) অন্তত পাঁচজন আহত হন। এ সময় বিইউবিটির দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ইনডোর স্টেডিয়ামে আটকে পড়া জগন্নাথের শিক্ষার্থীদের উদ্ধার করে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। এরপর তাঁরা এলাকা ছেড়ে চলে যান। আহত জগন্নাথের শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিইউবিটির আহত দুই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ সময় বিইউবিটির শিক্ষার্থীরা স্টেডিয়ামের সামনের সড়ক অবরোধ করে নির্বিচারে যানবাহনে ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশ পল্লবী ও মিরপুর ১০ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা ধরে এ অবস্থা চলার পর বিকেল সোয়া পাঁচটার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
পল্লবী থানার অপারেশন কর্মকর্তা মো. ইয়াসিন গাজী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।