পরাগ অপহরণ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সাদেকুল ইসলাম তালুকদার আজ বুধবার শুনানি শেষে অভিযোগ গঠন করেন।
একই সঙ্গে পাঁচ আসামির পক্ষে করা মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করেন আদালত।
আসামিরা হলেন আমির ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, বোনজামাই আবুল কাশেম, ভাতিজা আকাশ, জাহিদুল ইসলাম, কালাচান, আল আমিন, মামুন মিয়া, মো. শাকিল, সুলতান মিয়া, মো. ওয়াসিম ও মোহাম্মদ আলী।
গত বছরের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়া বাসার গলির মুখ থেকে অপহূত হয় শিশু পরাগ। দুর্বৃত্তরা পরাগের মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও তাঁদের গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে পরাগকে তুলে মোটরসাইকেলে নিয়ে যায়। এ ঘটনায় তখন দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আটিবাজার রাস্তায় পরাগকে ফেলে যায় দুর্বৃত্তরা।