পরাগায়ন-সংকট ও ঝড়ে পেঁয়াজবীজের সর্বনাশ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এবার পরাগায়ন–সংকট ও দুই দফা ঝড়ে পেঁয়াজবীজের সর্বনাশ হয়েছে। এবার কৃষকের ৩৮ হেক্টর জমির পেঁয়াজবীজ উৎপাদন ব্যাহত হয়েছে। আর এতে তাঁদের প্রায় আট কোটি টাকা ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কৃষক সূত্র জানায়, চলতি মৌসুমের প্রথমে পরাগায়ন সংকট দেখা দেয়। পরে খেতে মৌমাছির কৃত্রিম বাসা তৈরি করে এ সমস্যার কিছুটা সমাধান করলেও দুই দফা ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়।
১১ এপ্রিল উপজেলার সোনাপাতিল, তেঘড়িয়া, বাঁশিলা, পাটুল ও মাধবপুর গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে পেঁয়াজের সাদা ফুলের সমারোহ। তখন দু-তিনজন চাষি জানান, দেখতে কদম ফুলের মতো হওয়ায় তাঁরা এটাকে পেঁয়াজের কদম ফুল বলে থাকেন। এসব ফুল থেকে পেঁয়াজের বীজ উৎপাদিত হয়। পেঁয়াজচাষি মোতালেব হোসেন জানান, পেঁয়াজবীজ তাঁদের কাছে ব্ল্যাক ডায়মন্ডের মতো। কিন্তু এ বছর এই পেঁয়াজের কদম ফুলে মৌমাছি না বসায় পরাগায়নে সমস্যা হয়। এতে ফুলগুলো শুকিয়ে ঝরে যেতে থাকে। কৃষি বিভাগের পরামর্শে তাঁরা খেতে কৃত্রিমভাবে মৌমাছি চাষ শুরু করেন। এতে পরাগায়ন সমস্যা কেটে যেতে থাকে। এ অবস্থা চলতে থাকলে কৃষকদের হিসাবমতে এবার এই এলাকায় আট কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদিত হবে।
কিন্তু চাষিদের এই খুশি স্থায়ী হয়নি। ১১ এপ্রিলের পর এক সপ্তাহের মধ্যে ওই এলাকার ওপর দিয়ে দুই দফা কালবৈশাখী বয়ে গেছে। এরপর গত শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঝড়ে পেঁয়াজবীজের সব খেত লন্ডভন্ড হয়ে গেছে। সাদা সাদা পেঁয়াজ কদম ফুলের সেই সমারোহ আর নেই। ফুলের ডাঁটাগুলো ভেঙে নুয়ে রয়েছে। ফুলের পাপড়ি ঝরে পড়ে মাঠ ঢেকে গেছে।
এ সময় আবার দেখা হয় চাষি মোতালেব হোসেনের সঙ্গে। এবার তাঁর চেহারাও পেঁয়াজ ফুলের মতোই বিধ্বস্ত। এই প্রতিনিধিকে দেখামাত্র দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই এলাকায় ৩৮ হেক্টর পেঁয়াজবীজের খেত ঝড়ে নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ ফুলগুলো এখন তাঁদের কাছে আবর্জনা। বীজ বিক্রি করে আট কোটি টাকা উপার্জনের স্বপ্ন ভেঙে গেছে। তাঁরা এখন জমিতে অন্য ফসল রোপণের কথা ভাবছেন। সেই ফসল চাষের ব্যয় কীভাবে বহন করবেন বুঝতে পারছেন না।
আরেক চাষি আজিজুল পাঠান বলেন, তিনি একটি বেসরকারি সংস্থা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে বর্গা নেওয়া ১০ কাঠা জমিতে পেঁয়াজ রোপণ করেছিলেন। এখন সেখান থেকে এক টাকাও আসবে না। ঋণ আর বর্গাদারের টাকা কীভাবে শোধ করবেন, তা ভেবে পাচ্ছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, পেঁয়াজবীজ চাষ করে এখানকার চাষিরা প্রতিবছরই ভালো লাভবান হন। এবার প্রথম দিকে পরাগায়নের সমস্যা দেখা দেয়। পরে কৃত্রিমভাবে মৌমাছি পালন করে সে সমস্যা তাঁরা কাটিয়ে উঠলেও দুই দফা ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়। এই মুহূর্তে চাষিদের অন্য ফসলের দিকে মনোযোগ দিতে হবে।