গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: তোফায়েল
বিএনপির ভোট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তাঁর দাবি, গাজীপুর সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে চায়। কারণ তারা জানে, ঐতিহাসিকভাবে গাজীপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তোফায়েল এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘এই সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত চার সিটি করপোরেশন নির্বাচনের চারটিতে আমরা হেরেছি। আমরা এমন কিছুই করব না, যাতে ওই সুষ্ঠু ও অবাধ নির্বাচনগুলো কলুষিত হয়।’
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ধারণা নষ্ট করেছে। তারা এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার তৈরি করেছে, প্রধান বিচারপতিসহ বিচারপতিদের বয়স বাড়িয়ে এক-এগারো পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি বলেন, বিএনপি যদি গাজীপুরে নির্বাচনে হেরে যায়, তবে কারচুপির অভিযোগ এনে আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠে নামতে পারে। সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আগামী সাধারণ নির্বাচন এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। গাজীপুরের নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ২০০৮ সালে নির্বাচনে হারার পর বিরোধী দল সেনাবাহিনীকে দোষারোপ করেছিল। গাজীপুর সিটি নির্বাচনে হারলে তারা আবার একই কাজ করবে।