নরসিংদীর মনোহরদীতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সামসুন নাহারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। দলের স্থানীয় নেতা-কর্মীরা নির্বাচনে এই ভরাডুবির জন্য স্থানীয় সাংসদের একগুঁয়েমি ও মনোনয়ন-বাণিজ্যকে দায়ী করেছেন।
নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়। ইউপি নির্বাচনে মনোহরদীর (চালাকচর, শুকুন্দি, কাঁচিকাটা) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কাঁচিকাটা ইউপিতে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ১৬ হাজার ৮৪০। ভোট পড়েছে ১২ হাজার ৬০৫টি। আওয়ামী লীগের প্রার্থী সামসুন নাহার পেয়েছেন ৫২১ ভোট। তাই তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কাঁচিকাটায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোবারক হোসেন ৫ হাজার ২৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আরেক বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান পেয়েছেন প্রায় ৪ হাজার ভোট এবং বিএনপির প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ১ হাজার ২৩৫ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ৫২১ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. নজরুল ইসলাম ৭৯৩ ও স্বতন্ত্র প্রার্থী সামসুজ্জামান ৪৩৫ ভোট পেয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোবারক হোসেন সাবেক মন্ত্রী নূরউদ্দীন খান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলামের আত্মীয়। আর মেহেদী হাছান বর্তমান চেয়ারম্যান ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা। কিন্তু তাঁরা কেউ স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের আস্থাভাজন না হওয়ায় মনোনয়ন পাননি। সাংসদ তৃণমূলের মতামত উপেক্ষা করে তাঁর সমর্থক সামসুন নাহারকে মনোনয়ন দেন। এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। এ ছাড়া দলে আরও দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা অনেকটা নীরব ছিলেন।
মেহেদী হাছান বলেন, তৃণমূল হচ্ছে একটি দলের মূল শক্তি। সেই তৃণমূলকে মূল্যায়ন না করায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।
এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও আওয়ামী লীগের প্রার্থী সামসুন নাহারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সাংসদ বলেন, ‘আর্থিক লেনদেনের বিষয়টি সত্য নয়। কাঁচিকাটা ইউনিয়নে ভরাডুবির মূল কারণ অঞ্চলভিত্তিক রাজনীতি। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূলকে উপেক্ষা করে তাঁদের এলাকা থেকে প্রার্থী দিয়েছেন, যাতে আমার মতামত ছিল না। আর সেখানে আমার কিছুই করারও ছিল না।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা বলেন, সাংসদ সবকিছুকে আর্থিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন। দলে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সবার মতামত উপেক্ষা করে একজন অপরিচিত নারীকে মনোনয়ন দিয়েছেন, যার খেসারত ভোটে দিতে হয়েছে।