
প্যাঁচাল ১: সামর্থ্য আছে কিন্তু ভাগ্য সহায় ছিল না
আমার পোড়া কপাল স্যার! বিশ্বাস করেন, বল উইকেটে লাগেনি, বাতাসে বেল পড়ে গেছে।
যে বাতাস বেল ফেলে দিতে পারে, আশা করি, সেই বাতাস আপনাকে প্যাভিলিয়নে পৌঁছে দিতেও সাহায্য করবে।

প্যাঁচাল ২: অনুশীলনে যা শিখলাম, মাঠে তা অনুবাদ করতে পারিনি
কী সৌভাগ্য, আমি ব্যাট করতে নামলে আপনি আমাকে অবাক হয়ে দেখেন! তখন নিশ্চয়ই ভাবেন, আমি কেমন করে খেলি?
না, তা নয়। আমি ভাবি, তুমি ‘কেন’ খেলো?
প্যাঁচাল ৩: বাজেভাবে হেরেছি, কিন্তু ইতিবাচক কিছু দিকও আছে
এই টুর্নামেন্টে বাজে বোলিংয়ের পাশাপাশি আমার একটা ইতিবাচক দিকও আছে। সেটা হলো—এবার বলের ওপর আমার অদ্ভুত নিয়ন্ত্রণ ছিল। অবশ্য বলটা ছুড়ে মারার আগ মুহূর্ত পর্যন্ত।
বলতে পারছি না যে আমি খারাপ ব্যাটিং করেছি। কারণ, খারাপ করার মতো যথেষ্ট সময় ধরে আমি মাঠে টিকতেই পারিনি।

প্যাঁচাল ৪: সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে
অনেকক্ষণ ধরে লক্ষ করছি, এখন আর না বলে পারছি না। আপনি ব্যাটসম্যানকে ভেংচি কেটে বিরক্ত করছেন কেন?
আমিও অনেকক্ষণ ধরে লক্ষ করছি, এখন আর না বলে পারছি না। ক্রিজে কী হচ্ছে, সেদিকে আপনার একেবারেই মনোযোগ নেই! খালি আমার দিকে তাকিয়ে আছেন!

প্যাঁচাল ৫: দলে কিছু পরিবর্তন আনতে হবে
কী বললেন? আমাকে দল থেকে বের করে দেবেন? কিন্তু আমি তো কিছু করিনি!
কিছু করো না বলেই তো বের করে দেব।
প্যাঁচাল ৬: অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকাতে হবে
সে কী! বল তো আমার হাতে লাগেনি! আউট হলাম কী করে?
যা হওয়ার হয়েছে, এখন ড্রেসিং রুমে চলে যাও, আগামীকালের খেলার খবরে পড়ে নিয়ো, কীভাবে আউট হয়েছ!