মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা ইটা চা-বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে গিয়ে মারধরের শিকার হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ১১টি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। গত রোববার এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছালেক আহমদের ৩০-৩৫ জন সমর্থক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১৪-১৫টি মোটরসাইকেল নিয়ে ইটা চা-বাগান এলাকায় মহড়া দিতে শুরু করে। যাঁরা ছালেক আহমদকে ভোট দেননি, তাঁদের উদ্দেশ করে তারা গালাগাল করে ও হুমকি-ধমকি দেয়। তাদের বেপরোয়া আচরণে চা-শ্রমিকেরা অধৈর্য হয়ে পড়েন। ছালেক আহমদের সমর্থকেরা ফিরে যাওয়ার সময় স্থানীয় মসজিদ ও বাজারের মধ্যেখানে চা-শ্রমিকেরা তাদের গতিরোধ করে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে চা-শ্রমিকেরা বাগানের পাগলা ঘণ্টি বাজাতে থাকে। এ সময় চা-শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে বহিরাগত ব্যক্তিদের ওপর হামলা চালান। বিক্ষুব্ধ চা-শ্রমিকেরা মহড়ায় অংশ নেওয়া ১১টি মোটরসাইকেল ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত ব্যক্তিরা পাশের করিমপুর চা-বাগানের ভেতর দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এ সময় চা-শ্রমিকেরা সিজু আহমদ নামে এক ব্যক্তিকে আটক করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) অসিকুর রহিম বলেন, ‘পরাজিত ছালেক আহমদের সমর্থকেরা প্রতিশোধ নিতে গিয়েছিল। এ সময় শ্রমিকেরা ১১টি মোটরসাইকেল ভাঙচুর করে। একজনকে মারধর করা হয়। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’