জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচনে পরাজিত চার কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন জয়পুরহাট নির্বাচনী ট্রাইব্যুনাল। নির্বাচনে পরাজিত পাঁচ কাউন্সিলর প্রার্থী নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাদের ফলাফল প্রত্যাখ্যান করে মামলা করেছিলেন। মামলায় ভোট পুনর্গণনা ও মনোনয়নপত্র দাখিলের সময় তথ্য গোপন রাখারও অভিযোগ করা হয়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী সওদাগর মিজানুর রহমান জানান, আদালত ব্যালট পেপার পুনর্গণনা করে বিজয়ী কাউন্সিলর প্রার্থীদের চেয়ে পরাজিত তিন কাউন্সিলর প্রার্থীর ভোট বেশি পেয়েছেন। আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে পাঠানোর আদেশ দেন। আর মনোনয়নপত্র দাখিলের সময় ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় আদালত নির্বাচনে বিজয়ী হওয়া রেজাউল করিম মণ্ডলের ফলাফল বাতিল করে বাদী মো. ফেরদৌসকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া অপর একজনের মামলা খারিজ করে দেন আদালত।
প্রতিপক্ষের আইনজীবী শাহজাহান আলী জানান, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।