শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে হামলা ও প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মো. খলিলুর রহমান নামের পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার খলিলুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৭ মে সদর গাজীরখামার ইউপি নির্বাচন চলাকালে জাসদ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান লোকজন নিয়ে চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। তিনি সেখানে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে সাদা ব্যালট পেপার দাবি করেন। দিতে না চাইলে খলিলুরের লোকজন প্রিসাইডিং কর্মকর্তার মুঠোফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেন ও নির্বাচনী উপকরণ ভাঙচুর করেন। এ ঘটনায় রাতে প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেন।