চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই চা-শ্রমিকনেতাসহ চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় গরম পানির ছিটায় তিনজনের শরীর ঝলসে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে রামগড় চা-বাগানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের চা-বাগানের ভ্যালি সেক্রেটারি পরিমল দে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। গরম পানিতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ ছাড়া রামগড় চা-বাগানের পঞ্চায়েতের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মুন্ডা (৩২) ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী চা-শ্রমিক বিমল চন্দ্র দে (৫৫) রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া আহত চা-শ্রমিক হৃদয় উড়াং (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গরম পানিতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে বাগানের ৫ নম্বর লাইনে একটি চা-দোকানের সামনে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী বিমল চন্দ্র দের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী মিন্টু চন্দ্র দের সমর্থক বরুণের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিমলের ভাতিজা রিপন এসে বরুণের ওপর চড়াও হলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে চা-শ্রমিক কালা ধনা, বিকাশসহ দুই পক্ষের ১০-১৫ জন এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয় একটি চা-দোকানের চুলার ওপর রাখা গরম পানি নিয়ে দুই পক্ষ পরস্পরের দিকে ছুড়ে মারে। সংঘর্ষ থামাতে এসে পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজঘর ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মুন্ডা হামলার শিকার হন। এর মধ্যে লাঠির আঘাতে বিপ্লব মুন্ডার মাথা ফেটে যায় এবং গরম পানিতে হাত ঝলসে যায়। পরে চা-বাগানের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিমল চন্দ্র দে বলেন, ‘মিন্টু কুমার দের আত্মীয়স্বজন ও সমর্থকেরা আমাকে গালমন্দ করেন। পরে আমার ছোট ভাই ধনাকেও বেদম মারধর করেন তাঁরা। আমি বাধা দিতে গেলে আমার ওপরও হামলা চালানো হয়। এ সময় মিন্টুর সমর্থক বিপ্লব মুন্ডা গরম পানি ছুড়ে আমার আরেক ভাই পরিমলের শরীর ঝলসে দেন।’
মিন্টু চন্দ্র দে বলেন, ‘বুধবার রাতে বাগানের ৮ নম্বর লাইনে বিমল চন্দ্র দে আমার সমর্থকদের অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ ব্যাপারে পঞ্চায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে ৫ নম্বর লাইনে বিমল বাবুর সঙ্গে কথা বলতে গেলে তাঁর ভাই, ভাতিজাসহ ১০-১২ জন লোক পঞ্চায়েত নেতা ও আমার সমর্থকদের ওপর হামলা চালান।’
রামগড় চা-বাগানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বাগানের আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
বাগানবাজার ইউপির চেয়ারম্যান রুস্তম আলী বলেন, ‘গত ২৩ এপ্রিলের নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে বিমল চন্দ্র দে ও মিন্টু চন্দ্র দে চা-বাগান এলাকা থেকে প্রার্থী হন। ভোটে দুজনই পরাজিত হন। এই পরাজয়ের জন্য একে অন্যকে দায়ী করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।’
উপজেলার দাঁতমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল করিম বলেন, ‘এ ব্যাপারে কোনো পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’