পরাজিত প্রার্থীর পক্ষের হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে পরাজিত এক প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার আলী মোল্লাকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছে। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার চরভদ্রাসন পাইলট হাইস্কুলে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য কাউন্সিল হয়। এতে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আজিজুল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান খালাসী, সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক কাউছার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলী মোল্লা প্রার্থী ছিলেন। ভোটে মো. আজিজুল হক সভাপতি ও কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর আনোয়ার আলী মোল্লার সমর্থকেরা বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আজাদ খান (৪৭), মোতালেব হোসেন (৩২) ও নিখিল চন্দ্র ঘোষ (৬০) আহত হন। কাউছার হোসেন অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী আনোয়ার আলী মোল্লার সমর্থকেরা অতর্কিত আমার সমর্থকের ওপর হামলা চালায়। আনোয়ার আলী মোল্লা বলেন, ‘নির্বাচনের রায় শুনে আমি বাড়িতে চলে এসেছি। পরে আমি শুনেছি, কাউসার হোসেনের লোকজন টাকা-পয়সার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে।’