পরাজিত প্রার্থীর বাড়িতে আগুন, প্রার্থীকে পিটিয়ে আহত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গত রোববার রাতে আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। একই রাতে গোপালগঞ্জ উপজেলা সদরে এক ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। এদিকে বরিশালের গৌরনদীতে বিএনপির পরাজিত এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গৌরীপুর উপজেলার মাওহা ইউপির নির্বাচনী প্রচারণা নিয়ে গত রোববার রাতে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রোববার রাত সাড়ে নয়টার দিকে কিল্লাতাজপুর এলাকায় বিদ্রোহী প্রার্থী খসরুজ্জামানের কর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী নুর মোহাম্মদের কর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় খসরুজ্জামানের ভাই আহাদুজ্জামান, সোহাদুজ্জামানসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ ও সোলায়মান মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির পরাজিত বিদ্রোহী প্রার্থী আবুল কালাম খানের বাড়িতে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে তিনি অভিযোগ করেছেন।
আবুল কালাম খান বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা কমিটির সহসভাপতি। রামসিদ্ধি গ্রামে তাঁর পৈতৃক বাড়ির কাঠের দোতলা ঘরে রোববার দিবাগত রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
আবুল কালাম বলেন, রাতে খাওয়াদাওয়া শেষে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। রাত পৌনে চারটার দিকে ঘরের দোতলায় কিছু পড়ার শব্দ পেয়ে তাঁর ঘুম ভাঙে। এরপর তিনি ঘরের চালে আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর অভিযোগ, নির্বাচনে অংশ নেওয়ার জেরে তাঁর ঘরে আগুন দেওয়া হয়েছে। আগুন নেভাতে গিয়ে তাঁর মা ফুলজান বিবি, স্ত্রী মমতাজ বেগম, ভাই হেদায়েত হোসেনসহ ১০ জন আহত হন।
তবে গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
গোপালগঞ্জ: সদর উপজেলার বৌরতলী ইউপিতে উজ্জ্বল রায় নামের এক ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। রোববার রাত সোয়া নয়টার দিকে চরকলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজ্জ্বল রায় বলেন, তিনি নির্বাচনী প্রচারণার কাজে চরকলপুর গ্রামে গিয়েছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী এক সদস্য প্রার্থীর সমর্থকেরা তাঁকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই ফরিদ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।