পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা
বরিশালের গৌরনদীতে এক পরাজিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি-সমর্থিত এক মেয়র প্রার্থীর বাড়ির সামনে মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী পূর্ব কাসেমাবাদ গ্রামের ইয়াছিন খানের বাড়িতে নির্বাচিত কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা নূরুল আলম বাবুল খানের সমর্থকেরা শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিন সরদার অভিযোগ করে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পূর্ব কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী ইয়াছিন খানের বাড়ির কাছে নূর আলম বাবুল খানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা আমাকে ধাওয়া করে। এ সময় আমি দৌড়ে ইয়াছিন খানের বাড়িতে আশ্রয় নিই। তারা ওই বাড়িতে রাত আটটা পর্যন্ত আমাকে অবরুদ্ধ করে রাখে। আমাকে আশ্রয় দেওয়ার অভিযোগে তারা ইয়াছিনের বাড়িতেও হামলা চালায়।’ ইয়াছিন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর মা সামচুর নাহারকে মারধর করেছে। রাত আটটার দিকে গৌরনদী থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছে আলাউদ্দিনকে উদ্ধার করে। অবশ্য নবনির্বাচিত কাউন্সিলর নূরুল আলম বাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে আমার কোনো সমর্থক ও আমি জড়িত নই।’ এ ব্যাপারে শুক্রবার রাতে গৌরনদী থানায় মামলা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী রোমান হোসেন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বেলাল আহমেদের লোকজন শুক্রবার রাত ১১টার দিকে প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে তাঁর বাড়ির সামনে মহড়া দেয়। এ সময় তিনি, তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। এ ছাড়া গত কয়েক দিন থেকে নির্বাচনী এলাকায় লাগানো তাঁর পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। ১০ জানুয়ারি ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে গেলে ১০-১৫ জন সন্ত্রাসী এসে আমাকে বাধা দেয়। এ সময় তারা আমার কর্মীদের তুলে নেওয়ারও চেষ্টা করে।’ এ ব্যাপারে রোমান হোসেন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার বরাবর গত শনিবার ফ্যাক্সযোগে অভিযোগ দিয়েছেন।এসব অভিযোগ অস্বীকার করে বেলাল আহমেদ বলেন, ‘কে বা কারা মোটরসাইকেল মহড়া দিয়েছে, আমি তা জানি না।’