পরাজিত প্রার্থীর রিট খারিজ ফ্যাক্সবার্তাটি ভুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ নিতে আর কোনো বাধা নেই। গতকাল বুধবার সকালে ওই উপজেলার পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেনের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিবাদী পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে যে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছিল সেটি ভুয়া ছিল।
গত ১৫ মার্চ বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচন হয়। এতে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত ফারহানা জেসমিন বেসরকারিভাবে নির্বাচিত হন। মঙ্গলবার দুপুর ১২টায় তাঁদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর এক মিনিট আগে জেলা প্রশাসকের কাছে একটি ফ্যাক্সবার্তা আসে। এতে বলা হয়, সাজ্জাদ হোসেন হাইকোর্টে একটি রিট করেছেন। পরে শপথ স্থগিত করা হয়।
গতকাল সকালে হাইকোর্টের ওই বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানি চলাকালে আইনজীবী মাহবুব উদ্দিন আদালতে রানা কাউসার স্বাক্ষরিত প্রত্যয়নপত্রের প্রসঙ্গ উত্থাপন করেন। এরপর আদালত রানা কাউসারকে তলব করেন। রানা কাউসার আদালতে হাজির হয়ে প্রত্যয়নপত্র দেওয়ার কথা অস্বীকার করেন।