পরাজিত প্রার্থীর রোষানলে শিশু শিক্ষার্থীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকহারে কমেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যানন্দকাঠী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থক দাবি করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে বাধা দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১৩৬। হাজিরা খাতা সূত্রে জানা গেছে, রোববার থেকে বিদ্যালয়ে গড়ে ১০-১৫ জন উপস্থিত হচ্ছে। গত শনিবারের নির্বাচনে বিদ্যানন্দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন খলিলুর রহমান। পরাজিত প্রার্থী জুলমত আলী ও তাঁর সমর্থকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে খলিলুর রহমানের সমর্থক দাবি করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বাধা দিচ্ছেন। সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা গেছে, দ্বিতীয় শ্রেণীর ২৭ জন শিক্ষার্থীর মধ্যে নয়জন, প্রথম শ্রেণীতে ৩৬ জনের মধ্যে পাঁচজন শিক্ষার্থী উপস্থিত। বিদ্যালয়ের শিক্ষক রোকসানা পারভীন বলেন, রাজনীতির দলাদলির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী আসতে পারছে না। দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বলে, ‘বুড়িহাটি গ্রামের আমজাদ আমাদের বিদ্যালয়ে আসতে বাধা দিচ্ছে।’ বিদ্যালয়ের অভিভাবক মজিরুন্নেসা বলেন, ‘প্রতি মোড়ে মোড়ে লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে আছে। শিশুরা স্কুলে আসবে কীভাবে।’স্কুল পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, ‘আমারা চেষ্টা করেও শিশুদের বিদ্যালয়ে আনতে পারছি না। অভিভাবকেরা ভয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না।’ পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলমত আলী অভিযোগ করেন, ওই প্রধান শিক্ষক ভোটের পর তাঁর কর্মীদের মারধর করেছেন। এ কারণে এলাকার অভিভাবকেরা স্কুলে ছেলেমেয়েদের পাঠাচ্ছেন না। তবে তিনি শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দেওয়ার কথা অস্বীকার করেন। প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমি কোনো প্রার্থীর পক্ষে নির্বাচন করিনি।’ কাউকে মারধরের অভিযোগও তিনি অস্বীকার করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘ঘটনাটি আমি মৌখিকভাবে জেনেছি। আমি বিদ্যালয় পরিদর্শন করে এ সমস্যার সমাধান করব।’