পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা
ঈদের নামাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে মোনাজাত করা নিয়ে বচসাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সমর্থকেরা পরাজিত চেয়ারম্যান পদের প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে।এলাকার জাহিদুল ইসলাম জানান, ‘ইউপি নির্বাচনে আমরা আবুল কাইউমের পক্ষে কাজ করেছি। এতে বিজয়ী প্রার্থী বিল্লাল ফকির আমাদের ওপর ক্ষিপ্ত হয়। বুধবার মোনাজাতের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল ফকিরের সমর্থকেরা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’তিনি বলেন, ‘ওই দিন শৈলডুবি গ্রামে আমার বাড়িসহ মমিন বেপারী, খলিল বেপারী, খোরশেদ বেপারী, মাজেদ বেপারী, বকু মুন্সী, নূরুদ্দীন মাস্টার, সৈয়দ আলী মাতুব্বর, কুটি বেগম ও মতি মাস্টারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।’চৌধুরী আবুল কাইউম জানান, ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা ঘরের আসবাব ভাঙচুর করে, কলাগাছগুলো কেটে দেয় এবং স্বর্ণালংকার ও গরু-ছাগল লুট করে নিয়ে যায়। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্যরা এলে হামলাকারীরা পালিয়ে যায়।তবে ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস জানান, ঈদের পরের দিন ভোরে ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের তিন-চার শ সমর্থক লাঠিসোঁটা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদের প্রার্থী চৌধুরী আবুল কাইউমের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলাটি একপক্ষীয় হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।সদরপুর উপজেলা চেয়ারম্যান মো. সাত্তার ফকির বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী সোমবার দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে।’