পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় নয় পুলিশ আহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের হামলায় গতকাল রোববার পুলিশের নয়জন সদস্য আহত হয়েছেন। উপজেলার লোহাজুরী ইউনিয়নে পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন।স্থানীয় সূত্র জানায়, গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার পর কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। প্রার্থী আমির উদ্দিন মাস্টারের সমর্থকদের দাবি, তাঁরা হিসাব করে দেখেন তাঁদের প্রার্থী জয়ী হয়েছে। কিন্তু পরে রিটার্নিং কর্মকর্তা বিজয়ী হিসেবে হাবিবুর রহমানের নাম ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে বনগ্রামের কয়েক হাজার মানুষ বনগ্রাম বাজারে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় সেখানে পুলিশ অবস্থান নিলে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরব আলী ও মিজানুর রহমান এবং কনস্টেবল কবীর আহমেদ, মো. আজহার, ফরিদ উদ্দিন, আবদুল জব্বার, মো. সুমন মিয়া, মো. পলাশ ও এনামুল হক আহত হন। এ সময় শওকত আলী মাস্টার ও আবদুল খালেক নামের দুই ব্যক্তি আহত হন।খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ও ভৈরব থেকে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী আমির উদ্দিন বলেন, ‘কারচুপি করে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফল উভয় প্রার্থীর সামনে প্রকাশ করেছি। তখন কেউ আপত্তি করেনি। এখন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান পুলিশের নয়জন সদস্য আহত হওয়ার কথা নিশ্চিত করেন।