পরাজিত প্রার্থীর হামলায় ১৭ জন আহত
চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল বুধবার পরাজিত এক কাউন্সিলর পদপ্রার্থীর লোকজনের হামলায় একটি পাড়ার ১৭ জন নারী-পুরুষ আহত হয়েছেন। হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের সওদাগরপাড়ায় ওই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। পরাজিত কাউন্সিলর প্রার্থীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের একজন প্রার্থীর স্ত্রীকে থাপড় মারলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন টোরাগড় গ্রামের কাজীবাড়ির মানিক কাজী। পরাজয়ের জন্য একই গ্রামের সওদাগরপাড়ার ভোটারদের দায়ী করে মানিক কাজীর লোকজন গতকাল সকাল নয়টার দিকে ওই পাড়ার লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা সওদাগরপাড়ার ঘরবাড়ি ও দোকানপাটে লুটপাট চালায়। এমনকি তারা নারী ও তরুণীদের লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সওদাগরপাড়ার বাসিন্দাদের দাবি, হামলায় কমপক্ষে ১৭ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত আটজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সওদাগরপাড়ার মাতব্বর আ. রশিদ সওদাগর বলেন, ‘আমাদের পাড়ায় ৩৮০ জন ভোটার। কে, কোন প্রার্থীকে ভোট দিয়েছেন তার কোনো হদিস নাই। পরাজিত প্রার্থী মানিক কাজীর লোকজন আমাদের পাড়ার ওপর হামলা করে অনেককে আহত করেছেন। আমরা এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ একই পাড়ার সামুদ আলীর ছেলে জালাল জানান, হামলাকারীরা তাঁর দোকানে ঢুকে টিভি ভেঙে ফেলে; দোকান তছনছ করে। এক তরুণী (সংগত কারণে নাম প্রকাশ করা হয়নি) অভিযোগ করেন, তাঁর কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।তবে কাজীবাড়ির একাধিক ব্যক্তি দাবি করেছেন, সওদাগরপাড়ার লোকেরা মানিক কাজীর স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে থাপড় মারলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কাজীবাড়ির লোকজনের হামলায় তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট পেতে ওই প্রার্থী সওদাগরপাড়ার লোকজনের মাঝে টাকা বিলি করেছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। এ ব্যাপারে মানিক কাজীর সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনা শুনার পরই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে।’