ভোলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর ১৩টি দোকানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। খবর শোনে পরাজিত প্রার্থী সফিকুল ইসলামের স্ত্রী আমিরুন নেছা (৩৫) অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গিরিঙ্গিবাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, গিরিঙ্গিবাজারে সফিকুলের ১৩টি দোকান ছিল। এর মধ্যে একটি দোকান তাঁর নিজে চালাতেন। বাকিগুলো ভাড়া দিয়েছিলেন। মঙ্গলবার রাতে আগুনে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অন্য চারটিতে দুর্বৃত্তরা লুটপাট চালায়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সফিকুল ভোলা সদর থানায় ছয়জনকে দায়ী করে একটি অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে রাতেই ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।ধনিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত নয়টি দোকান পেট্রল দিয়ে পুড়িয়ে দেয়। এতে একটি গেরেজে রাখা তিনটি অটোরিকশা, মো. হাফেজের একটি মুদি দোকান, পল্লি চিকিৎসক আবদুস সাত্তারের একটি ফার্মেসি, সফিকুলের মুদি দোকান, প্রতিবন্ধী সাইফুল ইসলামের একটি চায়ের দোকান, ইসহাক ও মামুনের দুটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভাতে গেলে দুর্বৃত্তরা মো. জামাল, আবু তাহের, বজলুর রহমান ও আবু সাঈদের দোকানে লুটপাট চালায়।সফিকুল তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি এবার নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুল আলম এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালান এবং তাঁকে ও তাঁর কর্মীদের হুমকি দেন। মাহবুবুল আলম তাঁকে (বাদী) এ বলেও হুমকি দেন, ‘নির্বাচিত হই আর না হই, তোকে গ্রামছাড়া করব।’ তাঁর সন্দেহ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনই এ লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত।তবে নবনির্বাচিত ইউপি সদস্য মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত, মিথ্যা ও বানোয়াট ঘটনা। বরং সফিকুল ইসলাম আমার কর্মী বাহাদুরকে তাঁর গেরেজে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’ভোলা সদর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, ‘খবর শোনে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তসাপেক্ষে মামলা হবে।’চরফ্যাশনে ১২ জনকে সাজা : গতকাল বুধবার চরফ্যাশন উপজেলার চর মানিকা ও রসুলপুর ইউনিয়নে দুটি পৃথক নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থী ও পুলিশ কর্মকর্তাসহ শতাধিক আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ৫২ জনকে চরফ্যাশন, দক্ষিণ আইচা ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরপরই এএসপি (লালমোহন সার্কেল) সাইফ উদ্দিন ও চরফ্যাশন থানার ওসি মোবাশ্বের আলী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম, ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ঘটনাস্থলে গিয়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। বাউফলে সহিংসতায় আহত ২১: পটুয়াখালী অফিস জানায়, জেলার বাউফলে ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ২১ জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন শেষে গতকাল এ সহিংস ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় শাহীন (২৫) নামের একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৮ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাউফল থানার ওসি মো. ইছাহাক আলী জানান, এসব ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।