পরাজিত প্রার্থীরা খরচের টাকা ফেরত চাইছেন
মেহেরপুরের তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থীরা তাঁদের কর্মীদের দেওয়া খরচের টাকা ফেরত চাইছেন। এঁদের মধ্যে কয়েকজন কর্মী টাকা ফেরতও দিয়েছেন। বাকিদের কাছ থেকে টাকা আদায়ের জন্য প্রার্থীরা চাপ দিচ্ছেন। পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় একটি চক্র কর্মী বাহিনী গড়ে তোলে। এঁরা ভোট পাইয়ে দেওয়ার কথা বলে প্রার্থীদের কাছ থেকে নির্বাচনী খরচের নামে নগদ টাকা নিয়েছেন। ভোটারদের শাড়ি, লুঙ্গি, সিগারেট ও বিড়ি কিনে দেওয়ার জন্য এ টাকা নেওয়া হয়েছে। টাকা খরচের পরও অনেক প্রার্থী প্রত্যাশা অনুযায়ী ভোট পাননি। ওই সব কর্মী ভোটারদের পেছনে খরচ না করে টাকা আত্মসাৎ করেছেন। এতে তাঁরা পরাজিত হন। গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সদস্য প্রার্থী নবিরুল ইসলাম জানান, এবারের নির্বাচন সামনে রেখে একশ্রেণীর কর্মী পরিকল্পিতভাবে ভোটের অর্থ সংগ্রহ করতে নির্বাচনী মাঠে নেমেছিলেন। তিনি এমন কর্মীদের কাছ থেকে তাঁর দেওয়া ১৭ হাজার টাকা, ১৫টি শাড়ি, ১৫টি লুঙ্গি ফেরত নিয়েছেন।সদর উপজেলার কুতুবপুর ইউপির সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ভোটে কয়েক লাখ টাকা ব্যয় করে ৬১৪ ভোট পেয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি টাকা ফেরত চাইলে কর্মীরা ঘর ছেড়ে পালিয়ে যান। একই উপজেলার আমঝুপি ইউনিয়নের পরাজিত তিন সদস্য প্রার্থী ৮০ হাজার টাকা ফেরত পেয়েছেন।আকুবপুর গ্রামের সিদ্দিকুর রহমান ও সোনাপুর গ্রামের হাসেম নামে দুই কর্মী বলেন, ‘এখন প্রার্থীরা বলছেন টাকা নিয়ে ভোট দাওনি, এখন টাকা ফেরত দাও।’ অথচ ওই টাকা ভোটারদের পেছনেই ব্যয় হয়েছে। ভোট না পাওয়ায় সেই টাকা তাঁদের ফেরত দিতে হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী জানান, নির্বাচন চলাকালে প্রার্থীদের সঙ্গে কর্মীদের এ গোপনীয় চুক্তি সম্পর্কে তিনি জানতে পারেননি। নির্বাচন চলাকালে এ রকম অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিতে পারতেন। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় তাঁরা এখন আইনানুগভাবে কিছু করতে পারবেন না।