
একাত্তরের পরাজিত শক্তি দেশে আজও ঘুরে বেড়াচ্ছে। ঐক্যবদ্ধভাবে এদের রুখে দিতে হবে। প্রতিক্রিয়াশীলদের একের পর এক হামলাসহ নানা ধরনের বাধাবিপত্তি ডিঙিয়ে কাজ করে চলেছে উদীচী। সমমনা সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের ডিসি হিলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম জেলা সংসদের সপ্তদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী।
উদ্বোধনের সময় মিহির নন্দী বলেন, পাকিস্তানি শাসনামলে যখন এ দেশের মানুষ মানবতাহীন শোষণে জর্জরিত হচ্ছিল, তখন সত্যেন সেন প্রতিবাদী সুর তুলতে উদীচী প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উদীচী এ দেশের সব আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। উদীচীর নাম আজ দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে।
উদ্বোধনের পর ডিসি হিল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নন্দনকানন হয়ে শহীদ মিনার ঘুরে আবার ডিসি হিলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে তিন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের সম্মেলনে সম্মাননা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন সাংস্কৃতিক সচিব রণজিৎ বিশ্বাস (মরণোত্তর), শিক্ষাবিদ হাসানুজ্জামান চৌধুরী ও শিশুসংগঠক মোহাম্মদ ইউসুফ। প্রয়াত রণজিৎ বিশ্বাসের পক্ষে সম্মাননা নেন তাঁর ভাই প্রদীপ চৌধুরী।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও শহীদজায়া বেগম মুশতারী শফির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সম্পাদকমণ্ডলীর সদস্য কংকন নাগ, সুনীল ধর, খেলাঘর মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, সমাজসেবক মফিজুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।
আলোচনায় উদীচীর নেতারা অভিযোগ করেন, বিভিন্ন জেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে বাধা দেওয়া হচ্ছে। সরকার সাম্প্রদায়িক রাজনীতি জিইয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুসম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন। এ ছাড়া নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
আলোচনা শেষে গান, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। আজ শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।