পরাজিত শক্তিকে সক্রিয় করতেই তাহেরকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭ বছর চেষ্টার পর হলেও এটা প্রমাণিত হয়েছে যে কর্নেল তাহের একজন দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে আবারও এ দেশের রাজনীতিতে পাকাপোক্ত করার জন্য জিয়াউর রহমান তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছিলেন। গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘সামরিক আদালতে কর্নেল তাহের ও অন্যদের গোপন বিচারকে অবৈধ ঘোষণাকারী উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়: ঐতিহাসিক কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কর্নেল তাহের সংসদ এ সভার আয়োজন করে। গতকাল ছিল কর্নেল তাহেরের ফাঁসির ৩৭তম বার্ষিকী। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল তাহেরকে ১৯৭৬ সালের এই দিনে এক সামরিক ট্রাইব্যুনালের রায়ে ফাঁসি দেওয়া হয়। কর্নেল তাহের সংসদ দিনটিকে তাহের দিবস হিসেবে পালন করে। সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী নির্বাচনে জাতিকে ফয়সালা করতে হবে, এ দেশ আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র হবে, না অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। খালেদা জিয়ার পিঠে দুর্নীতির ছাপ, হাতে রক্তের দাগ। বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখা এখন রাজনৈতিক কর্তব্য।ইনু বলেন, বিএনপি এখনো সেই রাজাকারি রাজনীতি বিসর্জন দিতে পারেনি। পুরো জাতি যখন মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছে, খালেদা জিয়া তাদের মুক্তি চাইছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্নেল তাহেরের অনুজ আনোয়ার হোসেন বলেন, এ দেশে এখনো স্বাধীনতাবিরোধী শক্তি বীরদর্পে ঘুরে বেড়ায়। এ দেশেই সম্ভব হয়েছে একজন বীর উত্তমকে ফাঁসিতে ঝুলানো আর একজন মানবতাবিরোধী অপরাধীকে বয়স বিবেচনা করে ফাঁসি থেকে ক্ষমা করা। কিন্তু আজ তরুণ প্রজন্ম জেগেছে। তারা কর্নেল তাহেরের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে দেশ গড়তে চায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান বলেন, কর্নেল তাহের ছিলেন প্রগতির ধারক-বাহক। প্রতিক্রিয়াশীল জিয়া তাঁকে পছন্দ করতে পারেননি।নারীনেত্রী শিরীন আখতার বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিকই কিন্তু মুক্তি অর্জন করতে পারিনি। এ মুক্তির আকাঙ্ক্ষার সৈনিক ছিলেন কর্নেল তাহের। উৎপাদনশীল সেনাবাহিনী গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। সভায় অন্যদের মধ্যে কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।