পরাজিত 'নৌকা', জয়ী আ.লীগ
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পরাজিত হলেও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী জয়ী হয়েছেন। এতে ‘নৌকা’র পরাজয় হলেও আওয়ামী লীগেরই জয় হয়েছে বলে দলের একাধিক নেতা অভিমত ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক ঘোষ বলেন, দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ‘বিদ্রোহী’ প্রার্থী সেলিম স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নেতা-কর্মীদের নিয়ে তিনি রাজপথে থেকেছেন। এই নির্বাচনে তাঁর জয়ী হওয়ার মধ্যে আওয়ামী লীগেরই প্রকৃত বিজয় হয়েছে।
দলীয় ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম ১৩ হাজার ৪৪৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ ১২ হাজার ২০৮ ভোট এবং আওয়ামী লীগের রমজান আলী ৯ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হওয়ার পর গাজী কামরুল হুদা সেলিম ছাত্রলীগের (জাসদ) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এরপর ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ এক যুগ তিনি এ পদে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও এখনো এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রমজান আলী আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হলেও দলের একটা অংশ প্রকাশ্যে গাজী কামরুল হুদার পক্ষে প্রচারণায় অংশ নেয়। এ ছাড়া অনেক নেতা-কর্মী তাঁর পক্ষে গোপনেও কাজ করেছেন। এ ছাড়া গাজী কামরুল হুদা সেলিম প্রায় ছয় বছর ধরে মানিকগঞ্জ পৌর নাগরিক কল্যাণ সমিতি গঠন করে পৌর এলাকায় গ্যাস-পানি-বিদ্যুৎ, রাস্তাঘাট, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেন। পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটিতেই ওই সংগঠনের কমিটি গঠন করেন। এসব কমিটির নেতা-কর্মীরাও তাঁর পক্ষে কাজ করেছেন। গাজী কামরুল হুদা সেলিম বলেন, ‘নির্বাচনের আগে আমি ২৭ দফা-সংবলিত ইশতেহার ঘোষণা করেছিলাম। ইশতেহার অনুযায়ী দায়িত্ব গ্রহণ করার প্রথম তিন মাসের মধ্যে পৌরসভার দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরে পৌরসভার উন্নয়নমূলক কাজ করে যাব।’
পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বলেন, তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে জেলার অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে গাজী কামরুল হুদা সেলিমের নিয়মিত যোগাযোগ রয়েছে। যোগ্য প্রার্থী মূল্যায়েন ভুল করলেও ফলাফলে আওয়ামী লীগেরই বিজয় হয়েছে।