পরাজিতদের বাড়িতে জয়ী মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের পরদিনই জয়ী মেয়র গেলেন তাঁর প্রতিদ্বন্দ্বীদের (পরাজিত প্রার্থীদের) বাড়িতে। কথা বললেন এলাকার উন্নয়ন নিয়ে।

ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুরে। পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মাহফুজ চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে সরাসরি চলে যান তাঁর তিন প্রতিদ্বন্দ্বীর বাড়িতে।

স্থানীয় সূত্র জানায়, এবার পৌর নির্বাচনে আক্বেলপুরে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের গোলাম মাহফুজ চৌধুরী। পরাজিত হন বিএনপির দলীয় প্রার্থী রেজাউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর চৌধুরী ও আমিনুল আহসান। পরপর ওই তিন প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এলাকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে। এ সময় তাঁদের (পরাজিতদের) সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়নেরও অঙ্গীকার করেন গোলাম মাহফুজ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নবনির্বাচিত মেয়র পরাজিতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। এটাই বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা।

জানতে চাইলে গোলাম মাহফুজ চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়ে পৌরসভার উন্নয়নকাজ করতে চান তিনি।