পরাজয় জেনে কারচুপির গন্ধ পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি সুষ্ঠু পরিবেশকে ঘোলাটে করতে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিএনপি যখন বুঝতে পারে, তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা কারচুপির সব ধরনের গন্ধ খুঁজতে থাকে। খুলনায় বিএনপির পরাজয় নিশ্চিত জেনে তারা কারচুপির গন্ধ পাচ্ছে।’খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেকের পক্ষে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে গতকাল বুধবার তোফায়েল এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, এ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোথাও কোনো কারচুপি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। সিটি করপোরেশন নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। খুলনায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো আছে।এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ বি এম মোজাম্মেল হক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী প্রমুখ।তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের নেতারা গতকাল দুপুর ১২টায় নগরের বড় বাজারের কালীবাড়ি রোড থেকে গণসংযোগ শুরু করে রেলস্টেশনে পথসভা করেন। বিকেল চারটায় রূপসায় দাদা ম্যাচ ফ্যাক্টরি, পাঁচটায় লবণচরা বান্দা বাজারে, সন্ধ্যা সাতটায় সোনাডাঙ্গা ময়লাপোতা খোঁড়া বস্তিতে, সাড়ে সাতটায় দৌলতপুরে, রাত সাড়ে আটটায় খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলে ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেককে ভোট দিয়ে আবার মেয়র নির্বাচিত করতে নগরবাসী প্রস্তুত। খালেক খুলনাকে সাজাতে যে কাজ করেছেন, সেই কাজে সন্তুষ্ট হয়েই নগরবাসী তাঁকে ভোট দিতে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন যাতে ভন্ডুল হয়, সে চেষ্টাই বিএনপি করবে। আপনারা ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে কর্ণপাত করবেন না।’