পরাজয় নিশ্চিত জেনে বিএনপি উপনির্বাচন বয়কট করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি গাজীপুর-৪ আসনের উপনির্বাচন বয়কট করেছে বলে দাবি করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসারউদ্দীনকে বিএনপি মদদ দিচ্ছে বলেও দাবি করেন।গতকাল মঙ্গলবার বিকেলে কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভার বক্তৃতায় তোফায়েল আহমেদ এই দাবি করেন। আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থনে এই জনসভার আয়োজন করে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ। তোফায়েল আহমেদ এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রধান সমন্বয়কারী।তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে দুই কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে ১৯৮১ সালে বরণ করে নিয়েছিলাম। পরে তাঁকে বাংলার জনগণ তাঁদের ভাগ্য উন্নয়নে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। তাঁকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা করতে চেয়েছিল।’ তিনি বলেন, ‘বিএনপির খুনিরা আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছে, তাঁর রক্তের ঋণ শোধ করার জন্য ছেলে রাসেল এবং কালীগঞ্জের ময়েজউদ্দিনের কন্যা মেহের আফরোজকে এমপি বানিয়েছে। জাতীয় চার নেতার উত্তরসূরি হিসেবে মনসুর আলীর পুত্র নাসিম, কামরুজ্জামানের পুত্র খায়রুজ্জামান লিটন, সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলামকে এমপি ও মন্ত্রী বানানো হয়েছে। তেমনি মুক্তিযুদ্ধের মহান নায়ক তাজউদ্দীনের কন্যা সিমিন হোসেন রিমিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।’ জনসভায় সিমিন হোসেন কাপাসিয়াকে আলোকিত উপজেলা করার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।