
আবরার শাহিরয়ার, মাহাবুবা খাতুন ও ফারহানা আনজুম—বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের শিক্ষার্থী। সারা রাত পথে কাটিয়ে গতকাল শুক্রবার সকালে রাজধানীর কলাবাগান লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসবে যোগ দেয় তারা। দিনভর একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্লান্ত হয়ে পড়লেও শেষ বিকেলে শীর্ষস্থান দখল করে তারা আনন্দে উদ্বেলিত ছিল।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী অন্য দলটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের বিতার্কিক তৌহিদুর রহমান, নাজমুস সাকিব ও জোনায়েদ করিমও আনন্দিত। সারা দেশের এতগুলো দলকে হারিয়ে রানারআপ হওয়াটা কম প্রাপ্তি নয়।
চূড়ান্ত পর্বের বিষয় ছিল, ‘নেতা নয়, ভালো মানুষই পারে পৃথিবীকে বদলে দিতে’। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় তর্কের খাতিরেই অনেক যুক্তি দিতে হয়। কিন্তু সত্য হচ্ছে, পরিবর্তনের জন্য প্রয়োজন ভালো মানুষের নেতৃত্ব।
গতকাল সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল জাতীয় পতাকা এবং লেখক-সাংবাদিক আনিসুল হক বিতর্ক উৎসবের পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে মো. মোস্তফা কামাল বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে উদ্দীপ্ত করবে বিতর্ক। আনিসুল হক বলেন, বিতর্কে জয়লাভ করা ভালো। জয়ী হয়ে তা উদ্যাপন করা আরও ভালো। সবচেয়ে ভালো পরাজয় মেনে নিতে পারা। পরাজয় মেনে নিতে পারার মধ্য দিয়ে যুক্তির মুক্তি ঘটে।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। বিতর্ক পরিচালনার দায়িত্বে ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান। উৎসবের স্লোগান—‘যুক্তির মুক্তি’।
‘পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব ২০১৩’ শিরোনামে এই প্রতিযোগিতা গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে শুরু হয়। ৩০টি আঞ্চলিক উৎসব শেষে সেরা দলগুলোকে নিয়ে ঢাকায় আয়োজন করা হয় জাতীয় বিতর্ক উৎসব।
অঞ্চলের সেরা বিতার্কিকদের নিয়ে আয়োজন করা হয়েছিল বারোয়ারি বিতর্ক—‘যেভাবে আমি স্বপ্ন পূরণ করতে চাই’। এতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চবিদ্যালয়ের জান্নাতুল নাঈম সেরাদের সেরা, নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সৈয়দা বেদৌরা সামির প্রথম, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রামিশা তাসনীম দ্বিতীয় এবং ঢাকার ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেহজাবীন তোসরা তৃতীয় স্থান অধিকার করে।