পরাজয়ে ক্ষুব্ধ আ.লীগ কর্মীরা নেতাদের ওপর চড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় পৌর নির্বাচনের বিদ্রোহী মেয়র প্রার্থী ফজলুল করিম সাঈদীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন দলীয় নেতা মঞ্জুর হোসাইন চৌধুরী। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এরই জের ধরে নির্বাচনে দল মনোনীত প্রার্থী জাফর আলমের সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। ষড়যন্ত্রের অভিযোগে দলীয় নেতা সালাহউদ্দিন আহমদকে চকরিয়ায় অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। এদিকে আওয়ামীলীগ প্রার্থীর পরাজয়ে পার্বতীপুরে ক্ষুব্ধ যুবলীগ নেতার হাতে লাঞ্চিত হয়েছেন দলের নেতা ও উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। চকরিয়া পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরের উপর হামলার পর গুজব রটে উপজেলার ফাঁসিয়াখালী ভেন্ডিবাজারে দলীয় প্রার্থী জাফর আলমের উপরও হামলা হয়েছে। হামলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ ও ফজলুল করিম অংশ নিয়েছেন বলে শোনা যায়। এ খবরে জাফরের সমর্থকেরা বাজারে হামলা চালায়। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে ৮-১০টি গাড়ী ভাঙচুর করে। তাতে অন্তত ১৫-১৬ জন পথচারি আহত হন, ঘন্টাখানেক সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দলের মনোনীত প্রার্থী জাফর আলম জানান, দলের পরাজয়ের পিছনে সালাহউদ্দিন আহমদের ভূমিকা আছে বলে মনে করে তাকে ধরতে লোকজন বাজারে হামলা চালায়। কিন্তু পরে না পেয়ে আর আমি নিরাপদ আছি দেখে তারা চলে আসে। হামলার শিকার মঞ্জুর হোসাইন জানান, ‘সাঈদীর লোকজন উস্কানি ছাড়াই হামলা চালায়।’ অপরদিকে ফজলুল করিম সাঈদী জানান, ‘হামলা চালানো হয়নি। দু-একজন কর্মী মঞ্জুরকে ধাক্কাটাক্কা মেরেছে।’ এরপর গতকাল পৌর আওয়ামী লীগের সভায় সালাহউদ্দিন আহমদকে উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় পৌর কমিউনিটি সেন্টার মাঠে আয়োজিত সভায় এ ঘোষনা দেওয়া হয়। সভায় বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মঞ্জুর হোসাইন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, জাফর আলম প্রমুখ। সালাহউদ্দিন আহমদ অবশ্য বলেছেন, ভোট না পেয়ে অন্যদের দোষারোপ করে লাভ নেই। তার বিরুদ্ধে করা ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। অপরদিকে দলীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুরে পৌর নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে আলোচনার এক পর্যায়ে উপজেলা যুবলীগের ক্ষুদ্ধ সভাপতি শফিকুর রায়হান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুলের ওপর চড়াও হন। গতকাল শনিবার শহরের নতুন বাজারের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চেয়ারম্যানের সমর্থকরা শফিকুরের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দোকান পাট বন্ধ হয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তেমন কিছু হয়নি বলে জানান। তবে শফিকুর রায়হানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।