পরাজয়ে দুই রকম ভাষ্য নেতা-কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার ১২টি ইউপিতে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দুটিতে জয় পেয়েছে বিএনপি। বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউপির সব কটিতেই পরাজিত হয়েছেন দলটির প্রার্থীরা।
তৃণমূলের কর্মী-সমর্থকদের মতে, প্রতিপক্ষ প্রার্থীর সঙ্গে আঁতাত, নিজেদের মধ্যে সমন্বয়হীনতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশার কারণে এমন ভরাডুবি হয়েছে। অন্যদিকে নেতাদের দাবি, নেতা-কর্মীদের মাঠে নামতে না দেওয়া ও ভোট কারচুপিই বিএনপির প্রার্থীদের পরাজয়ের মূল কারণ।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ বলেন, কারচুপির নির্বাচন দিয়ে দলের সাংগঠনিক শক্তিকে বিচার করা যাবে না। মাঠে বিএনপির অবস্থান খুবই শক্তিশালী। অথচ ফল হচ্ছে উল্টো। ভোটের মাঠে বিরোধীদের দমন, হয়রানি, ভোটকেন্দ্র দখল, ফল পাল্টে দেওয়াসহ নানা অনিয়মের কারণে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন।
রাজাগাঁও ইউপিতে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রতিপক্ষের সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তিনি পেয়েছেন ২৯৯ ভোট। পাটিয়াডাঙ্গী এলাকার বিএনপির সমর্থক জালাল উদ্দিন বলেন, এই ইউনিয়নে বিএনপির প্রার্থী মাত্র ২৯৯ ভোট পাবেন তা ভাবা যায় না। নিজের ভোটের প্রচারণা বন্ধ করে দিয়ে অন্য প্রার্থীর কাছে ভোট বিক্রি না করলে এমনটি হওয়ার কথা নয়। আমিনুল ইসলাম বলেন, ‘বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে অনেক নেতা-কর্মী কাজ করায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। এ কারণে ইউনিয়নে বিএনপির যে ভোট আছে তা পাইনি। আমি আঁতাতে বিশ্বাস করি না। আঁতাত করিনি বলে আন্দোলনের সময় আমাকে জেল খাটতে হয়েছে।’
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক বলেন, মোহাম্মদপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আগ্নেয়াস্ত্রসহ ভোটের প্রচারণা চালিয়ে ভয় দেখিয়েছেন। রায়পুর, রুহিয়া, আকচাসহ কয়েকটি ইউনিয়নে সরকারি দলের প্রার্থীর লোকজন ভোটের পুরো সময় প্রতিপক্ষের প্রার্থীদের প্রচারণায় বাধা দিয়েছেন। ভোটে জয়-পরাজয়ে এগুলো ভূমিকা রেখেছে।
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, ‘এটা স্বাভাবিক নির্বাচন হয়নি। এটা হয়েছে মেকানিজমের নির্বাচন। সুষ্ঠু-স্বাভাবিক নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করতেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘বিএনপির নেতাদের অভিযোগ ঠিক নয়। বিএনপি আন্দোলনের নামে জনগণের জান-মালের যে ক্ষতি করেছে, ভোটাররা ব্যালটে তার জবাব দিচ্ছে।