
ফাগুন এসেছে গতকাল। এ ফাগুনের আগুন দ্বিগুণ করতে আজ এসেছে ভালোবাসা দিবস। আজকের দিনটি ভালোবাসার বিশেষ দিন। ইতিহাসের পাতায় সেন্ট ভ্যালেন্টাইনস ডে। শুরুটা পাশ্চাত্যে। ওই দিকের মানুষ বহুকাল ধরে দিবসটি পালন করে আসছে। একটা সময় এই দিনক্ষণের হাওয়া এসে লাগে বাংলাদেশেও। দিবসটি বর্তমানে বাঙালির বসন্ত দিনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে।
আজও চঞ্চল হবে অসংখ্য হূদয়। বসন্তের পাতাঝরা দিনে পার্কে, রেস্তোরাঁয়, রাজপথে, ক্যাম্পাসে, প্রকাশ্যে ও গোপনে মিলবে মানব-মানবী। হূদয়গহনে তারাপুঞ্জের মতো ফুটবে, ‘ভালোবাসি, ভালোবাসি...।’ তবে আঙুল কেটে রক্তে রক্তে মিলিয়ে দেওয়া, চিঠির ভাঁজে গোলাপের পাপড়ি গুঁজে দেওয়া, পৃষ্ঠার পর পৃষ্ঠা কাব্যচর্চা করা, চণ্ডীদাস অথবা দেবদাসের মতো চরিত্র হয়ে ওঠা আজকের যুগে প্রায় অচল। এর বদলে মুঠোফোন বার্তা, ই-মেইল অথবা অনলাইনের চ্যাটিংয়ে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার জোয়ার বইবে। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা আর ভালোবাসার উৎসবে মুখর হবে জনপদ।
দিনটি পালনের আগে গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার ঢাকার সবগুলো গিফট শপে ছিল ভিড়। চকলেট, ফুল পোশাক-আশাকসহ নানা রকমের উপহার বিনিময় হয়েছে। আজ আনন্দে মাতবার দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন স্থানে উৎসব আয়োজন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে নানা আয়োজন। সামরিক জাদুঘর মাঠে (নভো থিয়েটারের পাশে) এয়ারটেলের আয়োজনে আজ থাকছে গান, খেলা, জাদু প্রদর্শনী ও টেলিফিল্ম ‘ভালোবাসা ১০১’।
আজকের এই ভালোবাসা দিবসের পেছনের যে গল্প তা আত্মদানের গল্প। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে, ‘রোমান সম্রাট ক্লডিয়াস ২ (মে ২১৩—জানুয়ারি ২৭০) সেনাবাহিনীতে লোকবল বাড়াচ্ছেন। হঠাৎ তিনি ঘোষণা দিলেন, কোনো যুবক আর বিয়ে করতে পারবে না। এই অদ্ভুত ঘোষণার বিরোধিতা করে সন্ত ভ্যালেন্টাইন গোপনে যুবকদের বিয়ের আয়োজন চালিয়ে যেতে লাগলেন। একসময় ধরা পড়ে গেলেন ভ্যালেন্টাইন, নিক্ষিপ্ত হলেন কারাগারে। এর মধ্যে ভ্যালেন্টাইন মনে মনে ভালোবেসে ফেলেছেন কারারক্ষী মেয়েটিকে। এর কিছুদিন পর ১৪ ফেব্রুয়ারি সম্রাটের নির্দেশে ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করা হয়। কথিত আছে, ওই দিনই প্রথম তিনি মেয়েটিকে এক চিঠিতে জানান তাঁর ভালোবাসার কথা। চিঠির নিচে লেখেন, ‘ইতি, তোমারই ভ্যালেন্টাইন’। প্রায় এক হাজার ৭০০ বছর আগে ঘটে যাওয়া এই দিনটিকে ইউরোপে পরিচিত করে তোলেন জিওফ্রে চসার চতুর্দশ শতকে। ধীরে ধীরে এর ব্যাপ্তি ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে পৌঁছায় চীন, জাপান, ভারত ও বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশেও। বাংলাদেশে দিনটিতে ফুলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়।