পরানপুরবাসীর মরণফাঁদ দুই কিলোমিটার সড়ক

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সড়কটি এলাকাবাসীর জন্য যেন একটি অভিশাপ। প্রতিবছর এ সময় ভাঙা ও কাঁচা সড়কটি কাদায় সয়লাব হয়ে যায়। বছরের পর বছর দুর্ভোগ পোহান স্থানীয় লোকজন। উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নের উত্তর পরানপুর গ্রামের কামিল মাদ্রাসার মোড় থেকে চাঙ্গীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এই দুরবস্থা।

মান্দার বিলের বছরের সর্ববৃহৎ ধানের মৌসুম এই সময়। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপরদিকে অকার্যকর রাস্তা। এই রাস্তা দিয়ে কোনো যান্ত্রিক গাড়ি বা গরুর গাড়ি তো দূরের কথা, হেঁটে যাওয়ারও পরিস্থিতি নেই। তবু গরুর গাড়ি দিয়ে ধান ওঠাতে গিয়ে এমন কষ্টের শিকার হচ্ছেন দরিদ্র কৃষকেরা ও আঘাতপ্রাপ্ত হচ্ছে অবলা প্রাণীগুলো। দুই বেলা না খেয়ে অনেক ঋণ করে মনের আশা নিয়ে গরিব চাষিরা ফসল ফলিয়েছেন, কিন্তু আজ রাস্তার এই বেহাল অবস্থার কারণে তাঁদের কষ্টটা আকাশ ছুঁয়ে গেছে।

নির্বাচনের সময় হলে সব রাজনৈতিক দলই এসে এই রাস্তা সংস্কার ও পাকা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেই লক্ষ্যে জনসাধারণ মনে স্বপ্ন নিয়ে ভোট দিয়ে আশায় থাকেন। কিন্তু নির্বাচনের পর শুধু নির্বাচকদেরই ভাগ্যের পরিবর্তন হয়, এই পরানপুরবাসীর রাস্তার কোনো পরিবর্তন আজও হলো না।