পরানের গহীন ভিতর কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে তাঁরা ঢেকে দেন কবির কফিন। তাঁরা বলেন, কবি তাঁর কর্মে অমর হয়ে থাকবেন। থাকবেন ‘পরানের গহীন ভিতর’।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে সৈয়দ হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সাড়ে ১১টার দিকে তাঁর কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৈয়দ হকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: মনিরুল আলম
কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ছবি: মনিরুল আলম

বাংলা সাহিত্যের শক্তিমান এই লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন সরকারের একাধিক মন্ত্রী এবং সাংসদেরা। আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

শিক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতের বরেণ্য ব্যক্তিরা কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। কেউ কেউ স্মৃতিচারণাও করেন।

একপর্যায়ে লোকে-লোকারণ্য হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ পরম ভালোবাসা নিয়ে ফুল দিয়ে কবিকে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ হককে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। জানাজা শেষে তাঁর গন্তব্য জন্মস্থান কুড়িগ্রাম। সেখানকার সরকারি কলেজ মাঠের পাশে কবির নির্ধারণ করে দেওয়া স্থানেই তাঁকে দাফন করার কথা।

বাংলা একাডেমিতে আজ বুধবার সকালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: মনিরুল আলম
বাংলা একাডেমিতে আজ বুধবার সকালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: মনিরুল আলম

সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চ্যানেল আই পরিবারের সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক মানুষ অংশ নেন।

চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সৈয়দ হকের মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।