বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন চালুর অনুমোদন দিতে চাপ দেওয়ায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার নাম উল্লেখ না করে সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের বিষয়ে পরামর্শ দিতে আসার আগে তাঁর নিজের দেশে পূর্ণাঙ্গভাবে ট্রেড ইউনিয়ন চালু করা উচিত। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করতে প্রায়ই লম্ফঝম্প করেন। কিন্তু তিনি নিজের দেশের দিকে তাকান না।’রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার তিন দিনব্যাপী প্রদর্শনী বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া আছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রের ৫২টি অঙ্গরাজ্যের মধ্যে ২৬টি অঙ্গরাজ্যেই ট্রেড ইউনিয়নের অনুমতি নেই। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অন্যতম শিল্প-অঙ্গরাজ্য বলে পরিচিত মিশিগানে পর্যন্ত ট্রেড ইউনিয়নের ওপর আজ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।’ মার্কিন রাষ্ট্রদূত মজীনা বিভিন্ন সময় বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে ট্রেড ইউনিয়নের অনুমতি না দেওয়ায় এ দেশের পোশাক খাত সম্পর্কে মার্কিন পোশাক ক্রেতাদের কাছে নেতিবাচক ধারণা যাবে। ইউএনবি।