পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজের তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সেতু বিভাগ। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের নেতৃত্বে ছয়টি প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামকে নির্বাচিত করে সেতু বিভাগ। গতকাল সোমবার বনানীর সেতু ভবনে ৩৮৩ কোটি টাকার এই পরামর্শকাজের চুক্তি সই হয়।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের ছো নাম মিন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ন ইয়ং, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান জামিলুর রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে কানাডার এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে নিয়োগ নিয়েই দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ আনে বিশ্বব্যাংক। কানাডার আদালতে বিচার চলার একপর্যায়ে সরকার এসএনসি-লাভালিনকে নিয়োগের প্রক্রিয়া বাতিল করে দেয়। বিশ্বব্যাংকের সঙ্গেও সম্পর্কচ্ছেদ করে দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এরপর সরকার পরামর্শক কাজ দুই ভাগে ভাগ করে। দুই পারের দুটি সংযোগ সড়ক ও নির্মাণ অবকাঠামো (সার্ভিস এলাকা) তৈরি কাজের পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। আর মূল সেতু ও নদীশাসনের জন্য কোরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে গতকাল চুক্তি হয়।